স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। মুসলমান, হিন্দু সবাইকে নিয়ে এ দেশ, সবার রক্তে রঞ্জিত এই দেশ। আমরা সবাইকে নিয়ে চলবো। উৎসব সবার ধর্ম যার যার, এ ধারা অব্যাহত থাকায় আমরা সবাই এগিয়ে চলছি। এগিয়ে যাবার সৈনিক হিসাবে সকলে কাজ করছে বলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেউ আমাদের রুখতে পারবে না।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে 'শেখ হাসিনা গোল্ডকাপ' ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ বছর পূজার নিরাপত্তায় সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’

এ সময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সন্ত্রাস, জঙ্গি, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাচ্ছেন। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। সেই এগিয়ে যাওয়ার সৈনিক হিসাবে আমরা সাবই কাজ করে যাচ্ছি।

কুমিল্লার মতো ঘটনা যাতে না ঘটে সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ বছর পূজা মণ্ডবে কোনো আশঙ্কা থাকবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

এ সময় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপ্লব কুমার হাজরা। খেলায় কালমা ইউনিয়নকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে ধলীগৌরনগর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা ও নুরুন্নবী চৌধুরী ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠান এ টুর্নামেন্টের আয়োজন করে।