নরসিংদীর পলাশে মনির হোসেন (৪০) নামে এক দিনমজুর শ্রমিককে গলাকেটে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে নিজ বসত ঘরের উঠান থেকে তার হাত-পা বাঁধা গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মনির গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানান, গতকাল মধ্যরাতে মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাতে আর বাড়ি ফেরেননি। ভোরে মনির হোসেনের বাবা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে বাড়ির উঠানে মনিরের হাত-পা বাঁধা গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।



