গাজীপুরের কালীগঞ্জে এক যুবকের খণ্ডিত লাশের তিন টুকরো উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, শনিবার সকালে পূর্বাচল এ্যাপারেলস্ লিমিটেড ফ্যাক্টরির পাশের পুকুরে ও জঙ্গলে মানুষের দেহের খণ্ডিত অংশ দেখতে পেয়ে তারা উলুখোলা পুলিশ ক্যাম্পে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে কোমর থেকে হাটু পর্যন্ত অংশ, কাটা দুই হাত ও একটি জিন্সের প্যান্ট উদ্ধার করে। পরে কোমর হতে গলা পর্যন্ত ও এক পায়ের কাটা দুই অংশ এবং বিকেল সাড়ে তিনটার দিকে মাথা উদ্ধার করা হয়। হত্যার পর খুনিরা লাশ টুকরো টুকরো করে কেটে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখে।
উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মধুসূধন পান্ডের মোবাইলে বারবার কল দিলেও ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। পরে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই শামীম জানান, পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মধুসূধন পান্ডে ঘটনাস্থল থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করেন।