নরসিংদীর পলাশে মনির হোসেন (৪০) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নিজ বসতঘরের উঠান থেকে তার হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মনির হোসেন গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানান, শুক্রবার দিনগত মধ্যরাতে মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাতে আর বাড়ি ফিরেননি। ভোরে তার বাবা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে বাড়ির উঠানে মনিরের হাত-পা বাঁধা গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। হত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।