গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক প্রাইভেট কার আরোহী নিহত এবং ড্রাইভার আহত হয়েছেন। নিহত আরোহী সোহেল হাশিম খান (৫৪) উপজেলার ফুলদী গ্রামের মরহুম আলী আজম খানের ছেলে। তিনি সাইফ পাওয়ারটেক লিমিটেডের চেয়ারম্যান নিগার সুলতানা সিথির ছোট ভাই এবং প্রতিষ্ঠানটির পারচেজ ম্যানেজার কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টায় একটি প্রাইভেট কার নলছাটা লেভেল ক্রসিং পার হয়ে ঘোড়াশাল-টঙ্গী সড়কের দিকে যাওয়ার সময় ঢাকাগামী উপকূল একপ্রেস ট্রেন সেটিকে ধাক্কা দিয়ে নিচের খাদে ফেলে দেয়। এ সময় চালক ও আরোহী ছিটকে গাড়ি থেকে বাইরে পড়ে যান। ঘটনাস্থলেই আরোহী মারা যান। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ইকবাল হোসেন জানান, ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে বুঝিয়ে দেয়া হয়েছে।