গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের তিন দিন পর পূর্বাচল অ্যাপারেলস লিমিটেডের কিউসি সবুজ ঘোষালের (৩১) সাত টুকরো লাশ উদ্ধারের পর ঘটনার মূল হোতা সহকর্মী শাহীনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার কাছ থেকে রক্তমাখা জামা কাপড় ও হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
রোববার রাতে পিবিআইয়ের একটি দল সাতক্ষীরায় অভিযান চালিয়ে শাহীনকে আটক করে গাজীপুরে নিয়ে আসে। ওসি পিবিআই, গাজীপুর মোস্তাফিজুর রহমান জানান, আটক শাহীন সবুজ ঘোষালকে হত্যার কথা স্বীকার করেছে। মামলার তদন্তের স্বার্থে এখনই সব কিছু বলা যাচ্ছে না। তবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।