টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার সকালে নাগরপুর চৌহালী আঞ্চলিক সড়কের গয়হাটা ইউনিয়নের নরদহী নামকস্থানে কাভার্ডভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে দুর্ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধের নাম অজিত ঘোষ ওরফে ভম্বল ঘোষ (৭২)। তিনি গয়হাটার ইউনিয়নের সিংজোড়া গ্রামের মৃত পাগলা ঘোষের ছেলে।
আর আহতরা হলেন- সিংজোড়া গ্রামের ইন্দ্র ঘোষের ছেলে আশিষ ঘোষ, গয়হাটা পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রানী আক্তার ও চৌহালী উপজেলার বাঘুটিয়া গ্রামের জব্বার হোসেনের ছেলে মো: রাসেল মিয়া।
এ ঘটনার পর থেকেই কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছেন।
এলাকাবাসী ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ঘটনাস্থলে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে চারজন আহত হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অজিত ঘোষ মারা যান। অপর দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতের মধ্যে আশিষ ঘোষকে উন্নত চিৎকিসার জন্য টাঙ্গাইল সদর
হাসপাতালে পাঠানো হয়েছে।
নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা জান্নাত স্বিদ্ধা বলেন, সড়ক দুর্ঘটনায় অজিত ঘোষ নামক একজনকে মৃত্যু ও ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী। আহতের মধ্যে আশিষ ঘোষকে উন্নত চিৎকিসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন ,কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



