সাতক্ষীরায় প্রাইভেটকারের চাপায় মো: সাইফুল হোসেন (৪৫) নামে এক সাইকেলআরোহী নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়কের বকচরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি সাতক্ষীরা পৌর শহরের বকচরা এলাকার মৃত লোকমান হোসেন সরদারের ছেলে।

এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারের চালক সুজন শেখকে (৩৬) আটক করা হয়েছে। সুজন শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের সাদ্দাম শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রি সাইফুল হোসেন বেলা সাড়ে ১১টার দিকে বকচরা মোড় এলাকায় বাইসাইকেলে বাইপাস সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা কালিগঞ্জগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে সাইফুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় স্থানীয় জনতা চালক সাইফুলকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাইপাস সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আটক প্রাইভেটকারের চালক সুজন শেখ জানান, ‘তিনি সাতক্ষীরার শ্যামনগরস্থ নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কামরুল ইসলামের প্রাইভেটকার চালান। বুধবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকার ফার্মগেট এলাকার ১৪/বি গার্ডেন রোডের বাসা থেকে প্রাইভেটকারে বিজিবি কর্মকর্তার স্ত্রীকে নিয়ে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ১৭ বিজিবি ব্যাটালিয়নে পৌঁছে দেয়ার জন্য বের হন। পরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।’

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, ‘দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স, ম কাইয়ুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।