গাজীপুরের শ্রীপুর উপজেলার রেলগেট এলাকা থেকে গত বুধবার বিকেলে অজ্ঞাত যাত্রীদের ব্যাটারি চালিত অটোরিকশায় নিয়ে ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার দিকে আসে চালক মনির হোসেন। এর পর থেকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অপর দিকে গত বৃহস্পতিবার সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বিয়ারার একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা একটি মৃতদেহ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ। এ খবরে ত্রিশাল থানায় খোঁজ নিতে আসে মনির হোসেনের পরিবার। তারা ওই মৃতদেহটি অটো চালক মনিরের লাশ বলে শনাক্ত করে।
লাশ শনাক্তের পর তদন্তে নামে ত্রিশাল থানা পুলিশ। এরই মাঝে বৃহস্পতিবার রাত ৯টার দিকে খবর আসে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুড়ি এলাকায় একটি অটোরিকশা বিক্রি করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে ত্রিশাল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুরুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযানে নামেন।
এ সময় ঘটনাস্থল থেকে প্রথমে একজন অটো বিক্রেতা ও স্বীকারোক্তি অনুযায়ী অপর অটো বিক্রেতাকে আটক করে পুলিশ। তারা হলো জেলার নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনোয়ারুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আলম মিয়া (৩৮)।
গ্রেফতারকৃত আনোয়ার ও আলম মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অটোরিকশাটি শ্রীপুর থানা এলাকা থেকে ৮০০ টাকা ভাড়ায় নিয়ে আসে। তারা পরস্পর পরিচিত। পথে আনোয়ার ও আলম চালক মনিরকে কোকের মধ্যে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দিলে মনির অচেতন হয়ে পড়ে। আলম গাড়ি চালিয়ে বালিপাড়া পর্যন্ত নিয়ে আসে ও রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে মনিরকে রাস্তার পাশে এক পুকুরে ফেলে দিয়ে তারা অটো নিয়ে চলে যায়। এ সংক্রান্তে ভিকটিম মনিরের বাবা আবুল কালাম বাদ হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা করে।
অভিযানে নেতৃত্বদানকারী ত্রিশাল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, একটি অটোরিকশা বিক্রির জন্য দুইজন লোক উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুড়ি এলাকায়। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে একজনকে এবং পরে তার জবানবন্দী অনুযায়ী তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, ত্রিশালে এক পুকুরে ফেলে যাওয়া লাশের কোনো পরিচয় না থাকায় ক্লুলেস এ হত্যাকাণ্ডটি ত্রিশাল থানা পুলিশ বেশি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করার ১২ ঘণ্টার মধ্যে মূল দুই আসামিকে গ্রেফতার করেছে। এ সময় ওই অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আসামিদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান।