নওগাঁর আত্রাইয়ে নুসরাত হোসেন (৫৬) নামের এক নৌকার মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার ক্ষুদ্র বিশা এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

হোসেন ক্ষুদ্র বিশা গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে।

নুসরাতের চাচাতো ভাই সাখাওয়াত হোসেন সাকান বলেন, নুসরাত এলাকার উদয়পুর খালে নৌকা দিয়ে যাত্রী পারাপারের জন্য বিকেলে ঘাটে যান। এর পর রাত সাড়ে ৮টা পার হলেও বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। এ সময় বাড়ির কাছে রাস্তার পাশে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।