ফরিদপুরের সালথায় সড়কের ওপর খেলতে গিয়ে মোটরসাইকেলচাপায় রিফাত খান নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ফুকরা গ্রামের প্রবাসী মো: রুবেল খানের ছেলে।

সোনাপুর ইউপি চেয়ারম্যান খারুজ্জামান বাবু বলেন, দুপুরে পরিবারের অজান্তে শিশু রিফাত খেলতে খেলতে ফুকরা বাজারের মধ্যে সালথা-সোনাপুর সড়কের উপর ওঠে যায়। এ সময় সোনাপুর বাজারের দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। গুরুতর আহত রিফাতাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসাপাতালে পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যালে নেয়ার পরামর্শ দেন। ঢাকায় নেয়া পথে শনিবার সন্ধ্যায় রিফাতের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় শিশু রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক।