রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার লাঠিছড়া গ্রামে পুকুরে ডুবে মো: মিনহাজ উদ্দিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে ।
শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মিনহাজ লাঠিছড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং স্থানীয় পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিরর ছাত্র।
বেতবুনিয়া মডেল ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী বলেন, মিনহাজ বন্ধুদের নিয়ে বেলা ২টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে গেলে বন্ধুরা বাড়িতে এসে খবর দেয়। স্থানীয় এলাকাবাসী পুকুরে খুঁজে না পেয়ে বিকেলে পুকুরের বাঁধ কেটে পানি শুকিয়ে ফেলার পর মিনহাজের লাশ দেখতে পান।
নিহত মিনহাজ ডাকবাংলো এলাকায় তার নানা সাবেক ইউপি সদস্য মাহাবুব আলমের বাড়ি থেকে লেখা-পড়া করতো। বিদ্যালয় বন্ধ থাকায় নানা বাড়ি থেকে লাঠিছড়া এলাকায় নিজ বাড়িতে যায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।



