নওগাঁর মান্দায় রাজিয়া সুলতানা (২৩) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামে বাবার বাড়িতে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
মৃত রাজিয়া উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের আবদুল বাশিরের স্ত্রী ও পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত্য রাজিয়ার মানসিক সমস্যা ছিল। মাঝে মধ্যেই আত্মহত্যার চেষ্টা করতেন। এছাড়াও বাবা-মাসহ অনেকের সাথেই খারাপ ব্যবহার ও মারপিট করতেন। হঠাৎ করে শনিবার দুপুরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এছাড়া এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।



