সত্য কথা বলব-সত্য পথে চলব, প্রবাসীদের সুখ-দুঃখের কথা বলব। এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশী পেশাদার সাংবাদিকদের সংগঠন মালদ্বীপ-বাংলাদেশ ইউনিটির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তান্দুরি ফ্লেম্স রেস্টুরেন্টের পার্টি হলে এই শপথ গ্রহণ হয়।
অভিষেক সভায় ঢাকা পোস্টের মালদ্বীপ প্রতিনিধি মো: এমরান হোসাইন তালুকদার’কে সভাপতি হিসেবে, দৈনিক নয়া দিগন্ত মালদ্বীপ প্রতিনিধি মো: ওমর ফারুক অনিককে সাধারণ সম্পাদক এবং জাগো নিউজের মালদ্বীপ প্রতিনিধি মাহমুদুল হাসান কালামকে সিনিয়র-সহসভাপতি হিসেবে প্রস্তাব করা হলে সবাই তাতে সম্মতি জানান।
৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী ইউনিটির অন্য সদস্যরা হলেন, উপদেষ্টা বিডি নিউজ টোয়েন্টি ফোরের প্রতিনিধি রনি নন্দি, যুগ্ম-সাধারণ সম্পাদক যায়যায়কালের প্রতিনিধি শাহজালাল শিকদার, সাংগঠনিক সম্পাদক ভয়েস এশিয়ার প্রতিনিধি আবদুল্লাহ কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ সমাচার’র প্রতিনিধি মো: আল আমিন, ওয়ান নিউজ বিডির প্রতিনিধি মো: রবিউল আলম, আমার সংবাদের প্রতিনিধি মো: মহিনুর রহমান টোকন প্রমুখ।
সভার শেষ পর্যায়ে প্রবাসে দেশের সম্মান বৃদ্ধি, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা, সচেতনতা বৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।