ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার রায় সোমবার (১০ অক্টোবর)। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালের তিন নম্বর আদালতের বিজ্ঞ বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করবেন।
আলোচিত মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার যুক্তিতর্ক শেষ শুনানির দিনে গত বৃহস্পতিবার বিচারক মনির কামাল এ আদেশ দিয়ে রায়ের দিন ধার্য করেন। এ সময় মামলার আসামি গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৯ জনের জামনি নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়।
আসামিরা হলেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বাক ও ১ নম্বর মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৩৯), তার ভাই মাসুদ পারভেজ কার্জন (২৭), উত্তরবাজার পশ্চিম লাইনের জুলমান রেজা অলির ছেলে সাকিব আহম্মেদ রেজা (২৮), পশ্চিম লামাপাড়ার আব্দুল হেলিমের ছেলে মোজাম্মেল হক (৩০), পশ্চিম কাউরাটের মৃত লাল মিয়ার ছেলে খাইরুল ইসলাম (৩০), পশ্চিম ভালুকার মৃত মাহবুর রহমান কাদির মাস্টারের ছেলে রিফাত (২৫), পশ্চিম কাউরাটের মো: মোস্তফার ছেলে মো: হানিফ ওরফে আবু হানিফা (৩০), ইউনুছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৮), মৃত আব্দুল খালেকের ছেরে মজিবুর রহমান (৩০), আইনুল হকের ছেলে শরীয়তউল্লাহ সুমন (৩৩), পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম (৪৮), অপর ভাই সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল (৩৮), পশ্চিম কাউরাটের চান মিয়ার ছেলে রাসেল মিয়া (৩২), কাউরাট মধ্যপাড়ার মৃত ঈমান আলীর ছেলে কামাল মিয়া (৩৫), আব্দুল হেলিমের পুত্র মো: মাঈন উদ্দিন (২০), পশ্চিম লামাপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম নাঈম (২২), পশ্চিম কাউরাটের মৃত আব্দুল জব্বারের ছেলে রুহুল আমিন (২৮) ও পৌর শহরের রিক্সাপট্টি কচিকাচার মৃত আছির উদ্দিনের ছেরে শাহজাহান মিয়া (২৫), ছাত্রদল কর্মী শরীয়ত উল্লাহ সুমন (২৫) ও খাইরুল ইসলাম (২৭)।
ওই আদালতের পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান জানান, বিজ্ঞ বিচারক এ মামলার রায় ঘোষণার জন্য ১০ অক্টোবর নির্ধারণ করেছেন। তিনি আরো জানান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৯ জনের বিচারিক কার্যক্রম ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেষ হয়েছে। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ইতোমধ্যে আমরা ১৭ জনের সাক্ষ্য দিয়েছি। এ মামলায় আসামিপক্ষের ৮ জনই সাফাই সাক্ষ্য দিয়েছেন। আমরা আশা করি ন্যায় বিচার পাবো।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১৭ অক্টোবর গৌরীপুর পৌর শহরের পানমহালে মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করা হয়। বিচার চেয়ে শুভ্র’র ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র। এ হত্যার পর আ’লীগ ও তার সহযোগী সংগঠন বিচারের দাবিতে টানা ২১ দিন সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে। ২০২১ সালের ৫ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (বর্তমানে ময়মনসিংহ কোতয়ালী থানার অফিসার ইনচার্জ) মো: শাহ কামাল আকন্দ। প্রতিবেদনে চার্জশীটভুক্ত ১৪ জন ছাড়াও মামলার তদন্তকারী অফিসার অনুসন্ধানে আরো ৫ জনের সম্পৃক্ত পাওয়ায় ১৯ জনকে অভিযুক্ত করে এ প্রতিবেদন দেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ মফিজুল ইসলাম খান স্বাক্ষরিত ২০২১ সালের ৩০ নভেম্বর চিঠিতে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২২ নভেম্বর তারিখে প্রকাাশিত গেজেটে এক প্রজ্ঞাপনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২ (২০০২ সনের ২৮নং আইন) এর ধারা-৬ অনুযায়ী শুভ্র হত্যা মামলাটি (গৌরীপুর থানার মামলা নং- ২২, (১৯ অক্টোবর) দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। যার এস,আর,ও নং- ৩৪৫ আইন/২০২১। এরপর মামলাটি বিচার কার্যক্রম শুরু হয় দ্রুত বিচার ট্রাইবুন্যলে।



