ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনায় দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুন্ডা গ্রামের আবদাল মিয়ার ছেলে রায়হান ও একই গ্রামের হোসেন মিয়ার ছেলে জাবেদ বন্ধু। রোববার বিকেলে খেলাধূলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি হয়।
এর জেরে দু’জনের গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত পর্যন্ত চলে এ সংঘর্ষ।
নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।