পঞ্চগড়ের দেবীগঞ্জে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসীম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বেভলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অসীম একই এলাকার নিশিকান্ত চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মায়ের সাথে ঘুমিয়ে ছিল শিশু অসীম। একপর্যায়ে শিশুটির ঘুম ভেঙে গেলে খেলার ছলে স্টিলের ট্রাঙ্কের ওপরে থাকা মাল্টিপ্লাগে ফ্যানের প্লাগ লাগাতে গিয়ে আঙ্গুল ঢুকে বিদ্যুতায়িত হয় সে। পরে মা শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়।