পরকীয়া প্রেমের জের ধরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রিংকু বিশ্বাস (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মৃত্যুর আগে লেখা ওই গৃহবধূর একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুট নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এসআই শহীদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে রিংকু বিশ্বাস নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মৃত গৃহবধূ রিংকু বিশ্বাস (২২) উপজেলার ঝুটিয়া গ্রামের গৌতম হালদারের স্ত্রী।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নৈয়ারবাড়ী গ্রামের বিপুল হালদারের সাথে ওই গৃহবধূর দীর্ঘ দিন পরকীয়া প্রেমের সস্পর্ক ছিল। সেই সুবাদে বিপুল তার অনেকগুলো অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখেন। পরে রিংকু বিপুলের সাথে সম্পর্ক রাখতে না চাইলে বিপুল তাকে ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখায়। এ নিয়ে তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হলে সোমবার রাতে রিংকু নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক বিপুল পলাতক রয়েছেন।
বিপুল মণ্ডল নৈয়ারবাড়ী গ্রামের বিমল মণ্ডলের ছেলে।
ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের এসআই শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আমরা একটি চিরকুট উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



