মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রাম থেকে যুবলীগ নেতার তুলে নেয়া মোসলেম নামের মেকানিকের অবশেষে সন্ধান মিলেছে। শনিবার দুপুরে ওই ভুক্তভোগী থানায় স্বশরীরে হাজির হয়ে বলধারা ইউনিয়ন যুবলীগ সভাপতি মামুনসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্য অভিযুক্তরা হলেন সিংগাইর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের এজিএস মোস্তাফিজুর রহমান মিঠু, হাসান ও আবুল কালাম।
ভুক্তভোগী মেকানিক মোসলেম উদ্দিন গাইবান্ধা সদর থানার ফকিরের বাজার কচুর খামার এলাকার মৃত আকবর আলীর ছেলে। তাকে ১ অক্টোবর পারিল-নওয়াধা মাজার পাড়া গ্রামের মনির হোসেনের বাড়ি থেকে যুবলীগ নেতা মামুনসহ তিনজন তুলে নিয়ে যায়। অভিযুক্তদের দাবি নারীসংক্রান্ত ব্যাপারে তাকে আনা হলেও পরে গৃহকর্তা মনিরের কাছে বুঝিয়ে দেয়া হয়।
এদিকে, মোসলেম উদ্দিন ৭ দিন পর প্রকাশ্যে গণমাধ্যমকর্মীদের কাছে ভিন্ন তথ্য প্রকাশ করেছেন। মোসলেম জানিয়েছেন, ঘটনার দিন তাকে জোরপূর্বক পারিল বাজারের অদূরে ভূমি অফিসের পাশে এবং পরে সেখান থেকে পাশর্^বর্তী বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকায় নিয়ে মেয়ে সংক্রান্ত মিথ্যা অপবাদ দিয়ে মারধর করা হয়।
এদিকে গত ৪ অক্টোবর ‘সিংগাইরে মেকানিককে তুলে নিলো যুবলীগ নেতা’ শিরোনামে দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে থানা পুলিশের। প্রকাশিত সংবাদের সূত্র ধরে মোসলেমের সন্ধান পেতে মাঠে নামে পুলিশ। অবশেষে ৮ অক্টোবর মোসলেমের খোঁজ মিলে এবং ঘটনাটি উন্মোচিত হয়। থানায় অভিযোগ দেন ভুক্তভোগী মোসলেম। এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই মাহফুজ হাসান বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে।