গাজীপুরের কালীগঞ্জে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তারেক হোসেন (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর আতাবুদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
তারেক উপজেলার ভাদারতী গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক আবিদ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাজহারুল ইসলাম।
এসআই মাজহারুল ইসলাম বলেন, রাতে খাওয়া-দাওয়া সেরে নিজ ঘরে ঘুমাতে যান তারেক। সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করে তার কোনো সারাশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, মাস ছয়েক আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়। তাছাড়া কোনো কাজকর্ম না থাকায় অনেকটা হতাশায় ছিলেন তারেক। ধারণা করা হচ্ছে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের আবেদনের প্ররিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ওই যুবকের লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।



