সিলেটের গোলাপগঞ্জের পল্লী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছেন পুলিশ।
বুধবার রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন থেকে গোলাপগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।
আটকরা হলেন কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৪০), বালাগঞ্জ উপজেলার নশিওপুর গ্রামের মৃত তৈয়ব আলির ছেলে আবুল হোসেন রিপন (৩৪), ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মহিব উল্লাহর ছেলে নজরুল ইসলাম (৩৩) এবং গোলাপগঞ্জের বুটিরাপাড়া গ্রামের মৃত ইসহাক আলির ছেলে হারুন রশিদ (৩২)।
জানা যায়, গোলাপগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গভীররাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল থানা পুলিশ ফুলসাইন্দ এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ঘর ও তালা ভাঙ্গার বিভিন্ন যন্ত্রপাতি এবং গাড়ি চাবি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আটকদের আদালতে পাঠানো হয়েছে।



