অধিক মুনাফা লাভের আশায় শুল্ক ফাঁকি দিয়ে গমের ভূষির এলসি খুলে ভারত থেকে মিনিকেট চাল আমদানিকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিজিবি ও শুল্ককর্তৃপক্ষ দুটি ট্রাকসহ ১৫৩৯ বস্তা চাল জব্দ করেছে।

বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে ভোমরা বন্দরসংলগ্ন এলাকা থেকে বিজিবি একটি ট্রাক এবং বুধবার রাত ১১ টায় ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ডের তিন নম্বর গেট থেকে শুল্কবিভাগ আরো একটি ট্রাক জব্দ করে।

ভোমরা বন্দরের প্রশাসনিক শুল্ক কর্মকর্তা দয়াল মণ্ডল বলেন, আমদানিকারক সংস্থা যশোরের চুকনগরের ভাই ভাই স্টোর্সের মালিক জয়দেব মণ্ডল গমের ভূষির এলসি খোলেন। সি অ্যান্ড এফ এজেন্ট সাব্বির মোল্লার লাইন্সেসে হারু ঘোষ বুধবার বিকেলে ওই মালামাল ছাড় করান। গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বন্দরের পার্কিং ওয়াডের তিন নম্বর গেট থেকে রাতে মিনিকেট চাল ভর্তি একটি ট্রাক জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। এছাড়া বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে আরো একটি চালভর্তি ট্রাক জব্দ করে বিজিবি।

তিনি আরো জানান, জব্দকৃত ট্রাকের চালের শুল্কসহ জরিমানা আদায় করা হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।

ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, চালের রাজস্ব পরিশোধ না করে বাংলাদেশী ট্রাকে লোড করে বন্দরের বাইরে ট্রাক নিয়ে যাওয়া কাস্টমস আইনের পরিপন্থী।

ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বলেন, শুল্ককর্মকর্তা ও সি অ্যান্ড এফকে ম্যানেজ করে শুল্ক ফাঁকি দিয়ে বুধবার গমের ভূষির পরিবর্তে চাল আমদানি করা হয়েছে মর্মে বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে খবর পায়। এরপর ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে এ চাল ভারতীয় ট্রাক থেকে আনলোড করে বাংলাদেশী ট্রাকে ভর্তি করে সেটি দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়ার সময় বন্দরসংলগ্ন এলাকা থেকে ট্রাকভর্তি চাল জব্দ করা হয়। এর আগে রাতে পাকিংইয়ার্ডের তিন নম্বর গেট থেকে শুল্ক কর্তৃপক্ষ আরো একটি চাল ভর্তি ট্রাক জব্দ করে।

তিনি আরো জানান, শুল্ক বিভাগ ও সি অ্যান্ড এফ-এর কতিপয় সদস্যকে ম্যানেজ করেই সরকারের এ বিশাল শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল। জব্দকৃত চাল সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে। সেখানে পরিমাপ নির্ধারণ করার পর শুল্ক গুদামে জমা দেয়া হবে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চাল পরিমাপের কার্যক্রম চলমান রয়েছে। পরিমাপ শেষে সেগুলো শুল্ক গুদামে জমা দেয়া হবে।