ময়মনসিংহের বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে হালুয়াঘাট শাখা বিএনপি। জ্বালানি তেল ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ১৫ অক্টোবর বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগ।
শুক্রবার দুপুরে বিভাগের হালুয়াঘাট অঞ্চলে প্রস্তুতি সমাবেশ করে দলটি। সভা চলে বেলা ৩টা পর্যন্ত।
সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলার সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতি দলের নেতা এখলাছ উদ্দিন মাস্টার, বিএনপির নেতা আনোয়ার হোসেন মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খাঁন হীরা, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সরকার, এছাড়া ছাত্রদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠন।
নেতাকর্মীদের উদ্দেশে সালমান ওমর রুবেল বলেন, ‘আমরা দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াই এখন এক দফার আন্দোলনে রূপ নিয়েছে। এই অবৈধ সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।’
তিনি বলেন, খালেদা জিয়া এই সরকারের অত্যাচার, নির্যাতন ও মিথ্যা অন্যায়ের সাজা ভোগ করার পরও এক সেকেন্ডের জন্যও মাথা নত করেননি, আপস করেননি। এই সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই আজকের এই আন্দোলন। আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে হামলা চালিয়ে এবং খুন-জখম ও গ্রেফতার করে সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা বিএনপির দুর্বার আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বিএনপিকে রাজপথ থেকে কোনোভাবেই সরানো যাবে না।
এছাড়াও সভায় উপজেলার নেতারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতিতে দেশ আজ দেউলিয়ার পথে। এতদিন সরকার দেশের মানুষকে উন্নয়নের ফাঁকা গল্প শুনিয়েছে। এখন সেসব মিথ্যা গল্প ফাঁস হয়ে গেছে।
তারা বলেন, অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখতে অত্যাচার, হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানিসহ নানা নিপীড়নের পথ বেছে নিয়েছে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লেলিয়ে দিয়ে গুলি চালিয়ে হত্যা করছে নিরীহ নেতা-কর্মীদের। এসব করে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না। এবার এক দফার আন্দোলন শুরু হয়েছে। বিএনপির ডাকে দেশের মানুষ রাজপথে নেমেছে। এ গণজাগরণকে গুলি চালিয়ে, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়ে দমন করা যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবেন।
সভায় বিএনপি নেতারা বলেন, ‘দলের সব পর্যায়ের নেতাকর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। জনগণ সরকারের পদত্যাগ চায়। সেই চাওয়াকে প্রাধান্য দিতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফেরাতে হবে। তাদের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই হবে এখন প্রতিটি নেতাকর্মীর একমাত্র লক্ষ্য। আমাদের এখন এক দফা দাবি। আর সেটা হলো, বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ প্রশাসনের অধীনে হতে হবে।’
সভায় সালমান ওমর রুবেল এক দফা দাবির পক্ষে বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান।
সভা শেষে পৌরসভায় উপজেলা নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করা হয়।



