বরগুনার তালতলীতে মারুফা নামের সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর প্রেমিক হৃদয়কে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নিজ বাড়ির উত্তর পূর্ব কোনের পুকুরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মারুফা উপজেলার ছোট বগী ইউনিয়নের বেতিপাড়া গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাশের ঠং পাড়া গ্রামের কলেজ রোডের বাসিন্দা সুলতান পহলানের ছেলে এক সন্তানের জনক হৃদয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল মাদরাসাছাত্রী মারুফার। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দেখা করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে ছেলের চাচা সোনা মিয়া ও ছেলের বড় ভাই সোলেমানের জিম্মায় দেয়। আজ (শুক্রবার) সকালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সকালে মেয়ের বাড়ির সামনে পুকুর পাড়ে তার লাশ দেখতে পায় মারুফার ছোট বোন মারিয়া।

জিজ্ঞেসাবাদের জন্য প্রেমিক রিদয়কে আটক করেছে তালতলী থানা পুলিশ।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সাংবাদিকদের প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেন।