গাজীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় কাভার্ড ভ্যানের ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজন শুক্রবার মারা গেছেন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের ওই ঘটনায় পাঁচজন দগ্ধ হন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠু (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে মিঠুসহ দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মিঠুর শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল।

নিহত মিঠু মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ মৌয়াালি গ্রামের ফজলু মিয়ার ছেলে। তিনি ওই কাভার্ডভ্যানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

তিনি আরো জানান, ওই ঘটনায় দগ্ধ অপর চারজনের অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসাধীন বাকি চারজনের মধ্যে মো: আলামিনের শরীরের ৬০ শতাংশ, আনোয়ারুল ইসলামের ৩৫ শতাংশ, সিরাজুল ইসলামের ৭০ শতাংশ এবং মো: পারভেজের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যার পর গাজীপুর মহানগরীর বড়বাড়ী এলাকার হাজী ওয়াহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশন থেকে মেসার্স জুনাইদ এন্টার প্রাইজের একটি কাভার্ডভ্যানের ভেতরে থাকা প্রায় এক শ’ সিলিন্ডারে গ্যাস ফিলিং করার সময় একটি সিলিন্ডার বিস্ফিারিত হয়ে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের আশপাশে থাকা আল আমিন (২৫), পারভেজ (৩৩), আনোয়ারুল ইসলাম (২৭), সিরাজুল ইসলাম টুটুল (২৫) ও মিঠুসহ (২৭) পাঁচজন আগুনে দগ্ধ হন। তাদেরকে প্রথমে স্থানীয় তায়েরুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।