মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার কাশিমনগর মহল্লায় বাড়িতে একা পেয়ে সদ্য বিবাহিতা নারীকে শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভুক্তভোগী নারীর বাবা থানায় মামলা করেন। এর আগে শুক্রবার রাতে তিনজনকে আটক করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাঁকা গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইমন (২৩), জহিরুল ইসলামের ছেলে রিফাত (১৮) ও মৃত অছিমুদ্দিনের ছেলে জসিম (২৬)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়িতে একা পেয়ে অভিযুক্তরা মিলে ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই নারী কৌশলে ওদের কবল থেকে বেরিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিজেকে রক্ষা করেন। ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা বিরাজ করে। সন্ধ্যার পর এলাকার গণ্যমান্যরা মীমাংসার কথা বলে জড়িত ইমন, রিফাত ও জসিমকে ডেকে আনেন। ওই সময় উত্তেজিত জনতা জসিমকে বেধড়ক মারধর করে ও অপর দু’জন অবস্থা বেগতিক দেখে পাশে ইমনদের বাড়িতে আশ্রয় নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুদ্ধ জনতা পুলিশের পিকআপভ্যান লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। সেইসাথে পৌর কাউন্সিলরকেও লাঞ্চিত করে।

এ বিষয়ে অভিযুক্ত রিফাতের বাবা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল হোসেন বলেন, ‘আসামিদের কোর্টে চালান করা হয়েছে। ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।’

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম মোল্যা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে নয় আসামিদের লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে।’