জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো: আব্দুল মান্নান।

তিনি জানান, কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বাড়ছে। পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। এতে বসতভিটা হারাচ্ছে উপকূলের মানুষজন। পানির নিচে তলিয়ে যাচ্ছে নদীপাড় ও নিম্নাঞ্চলের ধানক্ষেত, মরিচক্ষেতসহ অন্যান্য ফসলি জমি।

দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের মন্ডলবাজারের অংশ ২০০ মিটার পানিতে তলিয়ে গেছে। এতে যানবহন ও মানুষ চলাচলে বিঘ্নতা ঘটছে। রাস্তা পার হতে ব্যবহার করতে হচ্ছে নৌকা কিংবা ভেলা। সাঁতরেও পার হচ্ছেন কেউ কেউ।

উল্লেখ্য, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর পোল্যাকান্দি, ফারাজীপাড়া, সর্দারপাড়া, ঝালোরচর, বাছেতপুর, মদনের চর, চিকাজানী ইউপির মন্ডলবাজার, নয়াগ্রাম, ডাকাতিয়াপাড়া, হাজারীপাড়া, চরহলকা হাবড়াবাড়িসহ বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন চলছে।

গত ২ মাসে অন্তত ৫০ পরিবার ভাঙনের শিকার হয়েছে। চিকাজানী ইউনিয়নের চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম আক্কাস তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মন্ডলবাজার এলাকায় প্রায় ২০০ মিটার পানিতে ডুবে যাওয়ায় চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। অন্যদিকে নদীতেও দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। তাই মন্ডলবাজার, গণ কবরস্থান, পাকা সড়ক ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান অস্তিত্বের সঙ্কটে ভুগছে। ভাঙন প্রতিরোধে এখনই জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার।’