দিনাজপুরের ফুলবাড়ীতে রোকাইয়া সুলতানা (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর পুরাতন বন্দর এলাকায় নিজ বাড়ীর শয়নকক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
রোকাইয়া সুলতানা ওই এলাকার মো: আব্দুল ওয়াহেদ মণ্ডলের বড় মেয়ে। তিনি মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার সময় রোকাইয়া সুলতানা তার মা ফঔজিয়া বেগমের কাছে নাস্তা চেয়ে নিজ শয়নকক্ষে চলে যান। কিছুক্ষণ পর তাকে ডাকা-ডাকি করলে, সাড়া না পেয়ে তার রুমে গিয়ে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, সে মানষিক রোগে ভুগছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম জনান, খবর পেয়ে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।



