ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন টঙ্গী ও গাজীপুর থেকে ময়মনসিংহগামী অসংখ্য মানুষ।
শনিবার (১৫ অক্টোবর) দিনভর ময়মনসিংহগামী কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। তবে ময়মনসিংহ থেকে সীমিত সংখ্যক বাস ঢাকার দিকে যেতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, আব্দুল্লাপুর, টঙ্গী বাজার, টঙ্গী স্টেশন রোড, চেরাগআলী, কলেজ গেট, গাজীপুরা, তারগাছ, বড়বাড়ি, বোর্ডবাজার, মালেকের বাড়ী, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কেউ কেউ বিভিন্ন উপায়ে গন্তব্যে গেলেও দীর্ঘ অপেক্ষা শেষে যাত্রা বাতিলে বাধ্য হয়েছেন অনেকে।
চান্দনা চৌরাস্তায় বাসের অপেক্ষায় থাকা মো: জাহাঙ্গীর আলমের সাথে কথা হয়। তিনি বলেন, জরুরি প্রয়োজনে সপরিবারে বাড়ি যাওয়ার জন্য অফিস থেকে ছুটি নিয়েছি। আজ বাস চলাচল বন্ধ থাকবে জানলে ছুটি নিতাম না। এখন বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে বাধ্য হচ্ছি।
উল্লেখ্য, ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহনের চাপ ছিল কম। এ দিন ব্যস্ততম এ সড়কের কোথাও যানজট দেখা যায়নি। অথচ এ মহাসড়কে যানজট নিত্যদিনের ব্যাপার। মহাসড়ক ফাঁকা থাকায় বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশকে বিশ্রামে সময় কাটাতে দেখা গেছে।



