ময়মনসিংহের হালুয়াঘাটে ঝুলন্ত অবস্থায় ফারহানা (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের আনচিংরী গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত ফারহানা একই গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে এবং চর বাঙ্গালিয়া নাইট মনীন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ‘সকালে স্কুলে গিয়ে ১০টার দিকে বাড়ি ফিরে আসে ফারহানা। মায়ের সাথে খাওয়া দাওয়ার পর প্রতিদিনের মতো বাড়ির কাজ করছিল। কিছুক্ষণ পর তার মা বাড়ির পাশে খালে মাছ ধরতে যান। পরে ১১টার দিকে ঘরে এসে দেখে তার মেয়ে ফাঁসি দিয়ে ঝুলে রয়েছে। গেল দু’বছর আগে বাবা মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে বিভিন্ন সমস্যায় ভুগছিল ফারহানা।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুজ্জামান খান বলেন, ঘটনার খবর পেয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।



