দিনাজপুরের ফুলবাড়ীতে রোকাইয়া সুলতানা (২৫) নামে মাস্টার্স পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বেলা ২টায় উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর পুরাতন বন্দর এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোকাইয়া সুলতানা ওই এলাকার আব্দুল ওয়াহেদ মণ্ডলের বড় মেয়ে এবং সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে রোকাইয়া সুলতানা তার মা ফওজিয়া বেগমের কাছে নাস্তা চেয়ে নিজ শয়ন কক্ষে চলে যান। এর কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলে সাড়া না দেয়ায় সন্দেহ হয়। এরপর তার শয়ন কক্ষে গিয়ে তাকে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, রোকাইয়া মানসিক রোগে ভুগছিলেন।
জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হবে।