ময়মনসিংহ শহরে বিএনপির বিভাগীয় সমাবেশে জনস্রোত ঠেকাতে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে গণপরিবহন বন্ধ করে দেয়ায় গতকাল শনিবার টঙ্গী ও গাজীপুর থেকে ময়মনসিংহগামী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। শনিবার দিনভর ময়মনসিংহ অভিমুখী কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।
সকালে আব্দুল্লাপুর, টঙ্গী বাজার, টঙ্গী স্টেশন রোড, চেরাগআলী, কলেজ গেট, গাজীপুরা, তারগাছ, বড়বাড়ি, বোর্ডবাজার, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা যায়। কিছু কিছু যাত্রী বিভিন্ন উপায়ে গন্তব্যে গেলেও দীর্ঘ অপেক্ষা শেষে অনেকেই যাত্রা বাতিল করে বাসায় বা আত্মীয়স্বজনের বাড়িতে ফিরে যান।