ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক ঘটনায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার গাজিরভিটা ইউনিয়নে ফারহানা (১৪) নামে এক স্কুলছাত্রীর ফাঁসিতে ঝুলে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার আনচেংগ্রী গ্রামে এ ঘটনা ঘটে। ফারহানা চরবাঙ্গালিয়া নাইট মনীন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ফারহানা আনচেংগ্রী গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে। দু’বছর আগে বাবা মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিল সে।
স্থানীয়রা জানায়, সকালে স্কুলে গিয়ে ১০টার দিকে বাড়ি ফিরে আসে ফারহানা। মায়ের সাথে খাওয়া-দাওয়ার পর প্রতিদিনের মতো বাড়ির কাজ করছিল। তার মা বাড়ির পাশে খালে মাছ ধরতে যায়। পরে ১১টার দিকে ঘরে এসে দেখে তার মেয়ে ফাঁসিতে ঝুলে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান খান বলেন, ‘খবর পেয়ে ফাঁসিতে ঝুলন্ত ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
অপরদিকে, হালুয়াঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালুয়াঘাট বেপারী পাড়াস্থ তাসলিমা (১৪) নামক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে টয়লেট থেকে আসার পর পেট ব্যাথা শুরু হয়। এর পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার বাবা একজন রিকসাচালক।
তাসলিমার বাবা জানান, তার ছেলে-মেয়েরা টিউশনি করে নিজ পড়াশোনার খরচসহ সংসারও চালনায় তাকে সহযোগিতা করেছে।
স্কুলশিক্ষকরা জানায়, তাসলিমা খুবই মেধাবী ছাত্রী ছিল। তার আকস্মিক মৃতুতে শিক্ষকরা গভীর শোকাহত।



