চুয়াডাঙ্গায় আদালত চত্ত্বর থেকে কৌশলে হাতকড়া ভেঙে আজিজুল হক (৩৫) নামে ডাকাতি মামলার এক আসামী পালিয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে দিকে এ ঘটনা ঘটে।
আজিজুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে ২০১৬ সালে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় একটি ডাকাতি মামলা হয়। সেই মামলায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, দুপুরে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আজিজুলসহ কয়েকজনকে কোর্টে নিয়ে আসা হয়। এ সময় প্রিজনভ্যান থেকে কোর্ট পুলিশের কাস্টাডিতে নেয়ার সময় কৌশলে হাতকড়া ভেঙে পালিয়ে যান আজিজুল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আদালত চত্ত্বর থেকে হাতকড়া ভেঙে আজিজুল নামে এক আসামী পালিয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। ইতোমধ্যে জেলা পুলিশের একাধিক দল তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্তব্যে অবহেলা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে পরে ব্যবস্থা নেয়া হবে।



