চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে নাটোরে রেলওয়ের তৃতীয় শ্রেণির অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। রোববার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু করেছেন তারা।
সূত্রে জানা যায়, নাটোর স্টেশনে কর্মরত রেলওয়ের তৃতীয় শ্রেণির অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা ছয় দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে। এতে তাদের অস্থায়ী পদকে স্থায়ীকরণ ও নিয়োগবিধি ২০২০ সংশোধন করার দাবি জানানো হয়েছে। পূর্বের ন্যায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাশ রাখাসহ আরো কিছু দাবি রয়েছে তাদের। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে পৌঁছলে তা আটকে দেয়া হয়। পরে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোর স্টেশনের সহকারী স্টেশনমাস্টার কামরুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা রোববার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করেছে। তাই ট্রেনগুলোকে সিগনাল দেয়া সম্ভব হয়নি। এ সময় তিতুমির ট্রেনটি আউটার সিগনালে পড়ে ছিল। পরে সিগনাল ছাড়াই (ওপিটি) ট্রেনটি নাটোর স্টেশন প্লাটফর্মে প্রবেশ করানো হয়। ট্রেনটি ৯টা ১৮ মিনিটে প্রবেশ করে। চার মিনিট বিরতি দিয়ে ৯টা ২২ মিনিটে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।’
তিনি আরো বলেন, ‘ট্রেনটি নাটোর স্টেশনে প্রবেশের নির্ধারিত সময় ছিল সকাল ৭টা ৪৭ মিনিট। কিন্তু শ্রমিকদের কর্মসূচির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আউটার সিগনালে আটকা ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে একজন স্থায়ী কর্মচারী দিয়ে কাজ করাতে হচ্ছে। ফলে নাটোর স্টেশনে কোনো ক্রসিং হবে না।’
স্টেশনমাস্টার অশোক চক্রবর্তী জানান, অস্থায়ী কর্মচারীরা সবাই ঢাকায় অবস্থান করায় তারা কর্মস্থলে না ফেরা পর্যন্ত রেলক্রসিং বন্ধ রেখে ট্রেন চলাচল করাতে হবে।



