চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে নাটোরে রেলের তৃতীয় শ্রেণীর অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। রোববার সকাল ৬টা থেকে নাটোর স্টেশনে কর্মরত অস্থায়ী কর্মচারীরা তাদের স্থায়ীকরণ এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগপ্রাপ্তির যোগ্যতা অষ্টম শ্রেণী পাস রাখাসহ ছয় দফা দাবিতে এই কর্মবিরতি পালন করেন। সকালে কর্মবিরতি শুরু করার পর রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে আটকা পড়ে। পরে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে নাটোর স্টেশন ছেড়ে যায়।
এ ব্যাপারে নাটোর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুন নাহার জানান, টিএলআর কর্মচারীরা রোববার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করায় ট্রেনের সিগনাল দেয়া সম্ভব হয়নি।