চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান মনজু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৩১১ ভোট। তার নিকটতম প্রার্থী জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রনজু পেয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে ২৪৯ ভোট।
এর আগে সকাল ৯টায় চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। জেলার ৪ উপজেলায় ৪টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শেষ হয় বেলা ২টায়।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ১৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রতিযোগিতা করছেন। মোট ৫৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।
এদিকে, নির্বাচনের ফলাফলের ঘোষণার পর বিজয়ী প্রার্থীকে নিয়ে জেলা শহরে আনন্দ মিছিল স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিপু চৌধুরীর নেতৃত্বে বের হয়।
বিজয়ী প্রার্থী মাহফুজুর রহমান মনজু বলেন, আমার এই বিজয় সবার সম্মিলিত
প্রচেষ্টার ফল। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যারা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।



