দেবীগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে মনি (২) ও মুক্তা (২) নামে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা মধুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু মনি ও মুক্তা একই এলাকার কবির হোসেনের দুই মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশু দু’বোন বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির সবার অজান্তে পাশে থাকা একটি ডোবার খালে পড়ে যায়। বেশ কিছু সময় পর পরিবারের লোকেরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে ডোবার পানি থেকে উদ্ধার করে। পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন পানিতে ডুবে যমজ দু’শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



