গাজীপুরের কালীগঞ্জের মূলগাঁও এলাকায় কয়লার আড়তে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিরেন চন্দ্র বীর (৫৫) নামের একজন নিহত হয়েছেন।
বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিরেন মূলগাঁও এলাকার মৃত নির্মল চন্দ্র বীরের ছেলে। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, মূলগাঁও এলাকায় কয়লার আড়তে প্রবেশের সড়কে মেরামতের কাজ চলছিল। নিরেন ওই কাজ দেখাশোনা করেতন। বিভিন্ন এলাকা থেকে রাবিশ (ইটের সুরকি) ড্রাম ট্রাকে বোঝাই করে এনে ওই সড়কের ভাঙ্গা স্থানে ফেলা হতো। দুপুর ১টার দিকে রাবিশ বোঝাই একটি ড্রাম ট্রাক রাবিশ আনলোড করতে ছিল। ওই সময় ট্রাকের পেছন থেকে ড্রাম ট্রাককে নিরেন নির্দেশনা দিচ্ছিলেন। তখন ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা নিরেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (২) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্থান্তর করা হয়েছে।



