বেলাবতে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক আব্দুস সাত্তার।

বুধবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিক্ষক আবদুস সাত্তার বেলাব থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের শিক্ষক আব্দুস সাত্তার প্রতিদিনের ন্যায় ভৈরব শম্বুপুরের নিজ বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা হন। পরে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তিনি নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় নেমে মহাসড়ক পার হয়ে অপর পাশে যাবার সময় এক ছেলে ধারালো চাকু দিয়ে ঘাড় হতে পিঠ পর্যন্ত আঘাত করে। পূর্ব হতে রাস্তার একপাশে হামলাকারীর এক সহযোগী মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকে, হমলার পরপর তিনি ওই গাড়ি করে পালিয়ে যান।

আহত কলেজ শিক্ষকের চিৎকারে এলাকাবাসী ও কলেজের অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হামলার শিকার কলেজশিক্ষক বলেন, ‘আমার কোনো শক্র নেই। আমি দীর্ঘদিন ধরে এ কলেজে শিক্ষকতা করি। কে বা কারা আমাকে আঘাত করেছে আমি বলতে পারছি না। আমি থানায় অভিযোগ দিয়েছি। আশা করি ন্যায় বিচার পাবো।‘

নারায়নপুর কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মজিবুর রহমান বলেন, এ ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। একজন শিক্ষককে যারাই হামলা করে আহত করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন শিক্ষক। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।