নরসিংদীর বেলাবতে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক আব্দুস সাত্তার। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের শিক্ষক আব্দুস সাত্তার প্রতিদিনের মতো ভৈরব শম্বুপুরের নিজ বাড়ি থেকে কলেজের উদ্দেশে রওয়ানা দিলে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় নেমে মহাসড়ক পার হয়ে অপর পাশে যাওয়ার সময় অজ্ঞাত একটি ছেলে ধারালো চাকু দিয়ে তার ঘাড় থেকে পিঠ পর্যন্ত আঘাত করে।
নারায়ণপুর কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন শিক্ষককে যারাই হামলা করে আহত করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বেলাব থানার ওসি তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত শিক্ষক। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।