দেবীগঞ্জ উপজেলায় রহস্যজনকভাবে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল্লাহ দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন চরতিস্তাপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে।
এলাকাবাসী জানায়, আব্দুল্লাহ কয়েকজন শিশুর সাথে বিকেলে খেলা করছিল। একপর্যায়ে খেলার ছলে মাটিতে পড়ে যায় সে। ব্যাথা পেয়ে সে বাড়িতে ফিরে মা-বাবাকে বলে। এর মধ্যে বাড়িতে আবারো অসুস্থ হয়ে পড়ে যায় সে। পরিবারের লোকেরা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।



