বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও মাতসুসিমা সুমাইয়া মালদ্বীপের নারী ফুটবল লীগ-২২ এ অংশগ্রহণ করেছেন। বর্তমানে তারা দু’জনেই খেলছেন মালদ্বীপের ধিবেহি সিফাইং ক্লাবের হয়ে। মালদ্বীপের মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের এই দুই স্ট্রাইকার। এরি সুবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে নেপালে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে ৮ গোল করে টুর্নামেন্টে গোল্ডেন বুটসহ বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সংবর্ধনা জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে হাইকমিশনারের সহধর্মিণী মিসেস নাওমী নাহ্রীনও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো: সোহেল পারভেজ ও দ্বিতীয় সচিব মো: মিজানুর রহমান ভূঞা এবং উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশী নাগরিক ও দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় প্রবাসী সাংবাদিক ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, গত কয়েক বছর ধরে আমাদের আনন্দের উৎসটা মূলত ক্রিকেটকে ঘিরেই হচ্ছে। বিশ্ব দরবারে আমাদের ফুটবলের মান এখনও হতাশাজনক। এই হতাশার মধ্যে দেশের মেয়েরা গৌরবময় সাফল্য বয়ে এনেছে। দেশবাসীকে আনন্দ ও গৌরব করার মুহূর্ত উপহার দিয়েছে। বিশেষত, এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপে দেশবাসীকে একের পর এক আনন্দঘন মুহূর্ত উপহার দিয়েছে আমাদের মেয়েরা। বিশেষ করে বলতে হচ্ছে বাংলাদেশ দলের সাবিনা খাতুন এর কথা। তার অসাধারণ অধিনায়কত্ব ও নজরকাড়া নৈপুণ্যে শিরোপা জিতেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের এই গোলমেশিন মালদ্বীপের নারী ফুটবল লিগে খেলতে এসে মালদ্বীপের মাঠ মাতাচ্ছেন। যথারীতি সাবিনার পায়ের জাদুতে মুগ্ধ হচ্ছেন মালদ্বীপের দর্শক।
উল্লেখ্য, সিঙ্গেল লেগ অনুপাতে পাঁচটি ক্লাব নিয়ে চলছে মালদ্বীপের ফুটবল লিগ। পঞ্চম বারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল লীগে খেলছেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। একই ক্লাবে খেলছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।