নেত্রকোনার দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে হালুয়াঘাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে গারো ছাত্র সংগঠন (বাগাছাস) হালুয়াঘাট উপজেলা শাখা ও সেওয়াল সমাজ উন্নয় সংস্থা আসকিপাড়া হালুয়াঘাটের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহ্মুদুল হক সায়েম, বাগাছাস হালুয়াঘাট উপজেলা শাখা ও সেওয়াল সমাজ উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ এবং হালুয়াঘাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রথমে বিক্ষোভ মিছিলটি হালুয়াঘাট বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধনে মিলিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহ্মুদুল হক সায়েম, পলাশ রিছিল ও বাগাছাস হালুয়াঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে নেত্রকোনার দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাশমনি বাজারে আবদুল আওয়াল লোকজনসহ ওই ইউনিয়নেরই সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত সুব্রতকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।