চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট বোনের মৃত্যুর খবর শুনেই বড় ভাইও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ভাই বোনের এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ডের দক্ষিণ রহমত নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রহমত নগর গ্রামের এসকান্দর নিজামীর স্ত্রী কুলছুমা বেগম (৫০) কিডনি রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে কুলছুমা বেগম মারা যান।

স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি বলেন, কুলছুমা বেগম আমাদের আত্মীয়। তার বাবার বাড়ি মিরসরাইয়ের সাহের খালী গ্রামে। বোন কুলছুমার মৃত্যুর খবর মোবাইলের মাধ্যমে জানতে পারেন বড় ভাই মোহাম্মদ আবু বক্কর (৫৪)। ছোট বোনের মৃত্যুর খবর শোনার সাথে সাথে ভাই আবু বক্কর ‘আমার দম বন্ধ হয়ে আসছে’ বলতে বলতেই ঘরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয় জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় ছোট বোনের প্রতি ভাইয়ের গভীর ভালোবাসা প্রস্ফুটিত হয়েছে। তিনি ছোট বোনকে এত বেশি ভালবাসতেন যে মৃত্যুল খবর শুনে তা সহ্য করতে পারেননি। তাই একপর্যায়ে ভাই আবু বক্করও দুনিয়া ছেড়ে চলে গেলেন।

কুলছুমা বেগমকে বাদ আছর এবং ভাই আবু বক্করকে বাদ এশা জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।