পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় রিয়াজুল নামে এক ব্যক্তির বাড়ি থেকে চারটি মাথার খুলি ও কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার উপজেলার দেবীডুবা ইউনিয়নের ডাঙ্গাপাড়ার লোহার ব্রিজ সংলগ্ন রিয়াজুলের বাড়িতে সন্ধ্যায় অভিযান চালায় ডিবি ও দেবীগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রিয়াজুল। এ সময় রিয়াজুলের ঘরের বারান্দায় পুঁতে রাখা দুটি ট্র্যাভেলিং ব্যাগে রক্ষিত কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানান, ডিবি পুলিশ ও দেবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাথার খুলিসহ কঙ্কালের অংশবিশেষ জব্দ করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেলার বেশ কিছু এলাকা থেকে কঙ্কাল চুরি হয়েছে। এ ব্যাপারে ডিবিতে মামলা তদন্তাধীন রয়েছে।