নওগাঁর মান্দায় গাছ থেকে পড়ে কবেজ উদ্দিন সরদার (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কবেজ উদ্দিন উপজেলার কাঁশোপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি গাছকাটা শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, ফকিরপাড়া গ্রামের আনিছুর রহমান শাহের একটি শিমুল গাছ একই এলাকার ব্যবসায়ী ছলিম উদ্দিন কিনে নেন। সকালে ব্যবসায়ী ছলিম উদ্দিন কয়েকজন শ্রমিক দিয়ে শিমুল গাছটি কেটে নিচ্ছিলেন। এদের মধ্যে কবেজ উদ্দিন গাছে উঠে ডালপালা কাটতে গিয়ে অসাবধানবশত: পড়ে গিয়ে গুরুতর জখম হন।

গাছকাটা শ্রমিক দেলোয়ার হোসেন দেলু বলেন, আহত কবেজ উদ্দিনকে উদ্ধার করে মাইক্রোবাসে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় মৃত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।