ময়মনসিংহের গণসমাবেশে বিনাভাড়ায় কর্মীদের আনা-নেয়া করা রিকশাচালক আমিনুল ইসলামকে (৫০) ইঞ্জিনচালিত অটো রিকশা উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২১অক্টোবর) সকালে রিকশাচালক আমিনুল ইসলামের কাছে ময়মনসিংহ নগরীর পুরহিতপাড়ায় ব্রাহ্মপল্লীতে তার বাসায় ‘মিশুক’ নামের অটো রিকশাটি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
উল্লেখ্য, গত শনিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহ বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বন্ধ ছিল গণপরিবহন। ছিল নানা ধরনের প্রতিবন্ধকতা। তবুও ছোট ছোট গাড়িতে কিংবা নদীপথে ট্রলারে করে ময়মনসিংহ শহরে পৌঁছেছেন নেতাকর্মীরা। তবে শহরে আসার পর অনেকেই হেঁটে যেতে হয়েছে সমাবেশস্থলে। তাদের মধ্যে অনেক লোককে নিজের রিকশায় বিনা ভাড়ায় পৌঁছে দিয়ে দলের নেতাকর্মীদের কাছে প্রশংসিত হয়েছেন আমিনুল ইসলাম নামে ওই রিকশাচালক। সমাবেশের আগের দিন শুক্রবার রাত ১০টা থেকে পরদিন শনিবার দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত বিনা ভাড়ায় কয়েক শ’ নেতাকর্মীকে পৌঁছে দিয়েছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপরই স্থানীয় নেতাদের ওই রিকশাচালককে খুঁজে বের করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে তাকে খুঁজে বের করেন স্থানীয় নেতারা।
বিনা ভাড়ায় লোকজনকে সমাবেশে পৌঁছে দেয়ার কারণ জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমি যখন থেকে ভোটার হয়েছি তখন থেকেই বিএনপিকেই ভোট দিয়ে আসছি। বিএনপির প্রতি আমার টান রয়েছে। সেই মনের টানে সমাবেশে মানুষকে পৌঁছে দিতে পেরে আমার আনন্দ লেগেছে।



