বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার উদ্যোগে ভার্চুয়ালি কর্মী সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শাখার আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আজকে বাংলাদেশ একটি অগ্নিগর্ভ, ধ্বংসস্তূপ। এখানে মানুষের কোনো অধিকার নেই, কোনো মূল্য নেই, নেই কোনো বাঁচার অধিকার। অত্যাচার জুলুম নির্যাতনের ক্ষেত্রভূমির নাম বাংলাদেশ। এখানে গণতন্ত্র নেই, নির্বাচন নেই, ভোটের অধিকার নেই, এখানে মানুষের বসবাস করার কোনো পরিবেশ নেই। বর্তমান অবৈধ, দালাল, অমানবিক এ সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা মানি না মানব না।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতের উদ্দেশ্য ও লক্ষ্য ইসলাম, ঈমান ও আকিদার আলোকে অবিচল থাকতে হবে। আমাদের সচেতনভাবে এই পথ পাড়ি দিতে হবে। নিজেদের মধ্য পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নত আমলের অধিকারী হওয়ার কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জেলা সহকারী সেক্রেটারি ডা: আব্দুল মুবিন। চৌদ্দগ্রাম উপজেলা উত্তর শাখার আমির মু. বেলাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা দক্ষিণের সেক্রেটারি জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা উত্তর শাখার সেক্রেটারি আব্দুর রহিম, শহীদ হাজী সুরুজ মিঞার সুযোগ্য সন্তান তৌহিদুল ইসলাম। সম্মেলনে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান ও আরিফ হোসেন সবুজ।