গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মূলগাও মাদরাসা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাসেল মৃধা (২৬) নামের এক জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে টঙ্গি-নরসিংদী মহাসড়কের কালীগঞ্জের মূলগাও মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মৃধা নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর এলাকার বাছেদ মৃধার ছেলে। তার খানেপুর বাজারের তানিশা টেলিকম নামে একটি দোকান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, খানবাড়ী নামক স্থানে একটি বাস অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল-আরোহীর মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদেনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।